দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এলএনজি সংকটে দেশের বিভিন্ন জেলার মতো ব্রাহ্মণবাড়িয়াতেও তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে বাণিজ্যিক ও আবাসিক গ্রাহকদের পাশাপাশি পরিবহন খাতেও। গত তিন দিন ধরে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় জেলার পাঁচটি ফিলিং স্টেশনই বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালক ও যাত্রীরা।
গত বুধবার বেলা ১১টার পর থেকে ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। কবে নাগাদ সরবরাহ স্বাভাবিক হবে, সে বিষয়ে ফিলিং স্টেশন কর্তৃপক্ষও সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারছে না।
খোঁজ নিয়ে জানা গেছে, গত বুধবার থেকে জেলার পাঁচটি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ সীমিত করে দেয় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। পরে সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেলে ফিলিং স্টেশনগুলোও বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে অনেক সিএনজি অটোরিকশা চালক এলপিজি সিলিন্ডার ব্যবহার করছেন। এতে বেড়েছে যাত্রীদের ভাড়াও।
ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ হওয়ার আগে প্রতিদিন প্রায় ৫০ হাজার ঘনমিটার গ্যাস সরবরাহ করত বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। যদিও জেলার ফিলিং স্টেশনগুলোর চাহিদা ছিল এর প্রায় দ্বিগুণ। সংকটের কারণে গত দুই সপ্তাহের বেশি সময় ধরে ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের চাপও কম ছিল।
সাধারণত ১৫ পিএসআই চাপে গ্যাস সরবরাহের কথা থাকলেও তখন ৩ থেকে ৪ পিএসআই চাপে গ্যাস সরবরাহ করা হচ্ছিল। সর্বশেষ গত বুধবার থেকে সরবরাহ আরও কমিয়ে দেওয়া হয়।
এদিকে গ্যাসের অভাবে সড়ক-মহাসড়কে সিএনজি অটোরিকশার চলাচল কমে গেছে। অল্পসংখ্যক অটোরিকশা এলপিজি দিয়ে চলাচল করলেও এসব যানবাহনে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের।
মেহেদী নামে এক যাত্রী জানান, শহরের কুমারশীল মোড় থেকে নন্দনপুর বিসিক শিল্পনগরীতে যাওয়ার জন্য প্রায় এক ঘণ্টা অপেক্ষা করে একটি সিএনজি অটোরিকশা পান। নিয়মিত ভাড়া ৪০ টাকা হলেও চালক তাঁর কাছে ৮০ টাকা দাবি করেন। পরে দরকষাকষি করে ৭০ টাকায় যেতে রাজি হন চালক।
জনি মিয়া নামে এক অটোরিকশা চালক জানান, তিনি কুমারশীল মোড় থেকে সরাইল-বিশ্বরোড মোড় রুটে চলাচল করেন। এ রুটে নিয়মিত ভাড়া ৫০ টাকা। গ্যাস সংকটের কারণে গত বুধবার থেকে তিনি ৭০ টাকা ভাড়া নিচ্ছিলেন। বৃহস্পতিবার থেকে এলপিজি দিয়ে অটোরিকশা চালাতে হওয়ায় ৯০ টাকা ভাড়া নিতে হচ্ছে।
ফাহাত ফিলিং স্টেশনের ব্যবস্থাপক আমিনুল ইসলাম জানান, গত বুধবার থেকে ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ফলে যানবাহনে গ্যাস দিতে না পারায় স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়েছে। বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ আগামী রোববার অথবা সোমবার গ্যাস সরবরাহের কথা জানিয়েছে।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া শাখার উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মো. শফিকুল হক বলেন, এলএনজি সংকটের কারণে গ্রাহকদের নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। কবে নাগাদ সংকট কাটবে, সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষও এখনো কিছু জানাতে পারেনি। তবে সংকট কাটতে আরও কিছুদিন সময় লাগবে বলে জানান তিনি।
এমএস/